কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য অধ্যাপক মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর আদেশক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০ (১) উপধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন তাঁর স্থলাভিষিক্ত হবেন।