জ্বালানি তেলের দাম বাড়ালো পাকিস্তান

পাকিস্তানে পেট্রোল-ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রবিবার (১৬ জানুয়ারি) থেকে যা কার্যকর করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে পেট্রোল-ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও লাইট ডিজেলে দামও বাড়ানো হবে। নতুন নিয়ম কার্যকর হলে দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩ দশমিক ১ রুপি বেড়ে ১৪৪ দশমিক ৮২ থেকে হবে ১৪৭ দশমিক ৮৩ রুপি। ডিজেলের দাম ৩ রুপি বেড়ে ১৪১ দশমিক ৬২ থেকে হবে ১৪৪ দশমিক ৬২ রুপি। তাছাড়া কেরোসিনের দাম ৩ রুপি বেড়ে হবে ১১৬ দশমিক ৪৮ রুপি ও লাইট ডিজেলের দামও ৩ রুপি বেড়ে দাঁড়াবে ১১৪ দশমিক ৫৩ রুপিতে।

এর আগে পাকিস্তানের তেল-গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ দশমিক ৫২ রুপি ও ডিজেলের দাম প্রতি লিটারে ৬ দশমিক ১৯ রুপি বাড়ানোর সুপারিশ করেছিল।

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে পেট্রোলিয়ামের দাম ছয় দশমিক তিন শতাংশ বেড়েছে। তাছাড়া বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম গত বছরের থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

দেশটির অর্থ বিভাগ জানায়, বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের ওপর বিদ্যমান বিক্রয় কর ও পেট্রোলিয়াম শুল্ক বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। যদিও প্রধানমন্ত্রী ইমরান খান বিক্রয় কর কমিয়ে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ দেন বলেও জানানো হয়।