গাজীপুরে পল্লীবিদ্যুতের ৩৩/১১ কেভি নতুন লাইন নির্মাণকালে ৬০ ফিট উচ্চতার পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে মহাসড়কের ওপর পড়ে গেলে পথচারী মহিলাসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পথচারী মহিলা নাবিকুন্নাহার (৩০) এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক সোহাগ (২৫) ও সুমনকে (২৫) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঐ মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে এসে মহাসড়কে উলটে পড়ে থাকা খুঁটিগুলো রাস্তার পাশে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পল্লীবিদ্যুতের ৩৩/১১ কেভি নতুন লাইন নির্মাণ করার জন্য ঐ এলাকায় পাঁচটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে পল্লীবিবিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মানিকগঞ্জ প্রকৌশলী। কিন্তু খুঁটিগুলো ভালোভাবে স্থাপন না করেই তারা রবিবার সকাল থেকে ঐ বৈদ্যুতিক খুঁটিগুলোতে নতুন লাইনের তার লাগাতে থাকে। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে হঠাৎ পাঁচটি খুঁটি ভেঙে মহাসড়কের ওপর পড়ে যায়। এতে একজন মহিলাসহ পাঁচ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। এদের মধ্যে মহিলার অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানের ১২/১৩ জন শ্রমিক কর্মচারী লাইনের কাজে থাকা সবাই ভয়ে পালিয়ে যায়।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির-১ এর ডিজিএম (টেকনিক্যাল) জাহিদুল ইসলাম জানান, ঐ এলাকায় শনিবার পল্লীবিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি স্হাপন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স মানিকগঞ্জ প্রকৌশলী” এ কাজটি করছিল। রবিবার ৩৩/১১ কেভি বিদ্যুতের নতুন লাইনের তার টানানোর সময় দুর্ঘটনাবশত রাস্তার ওপর খুঁটিগুলো ভেঙে পড়ে। এতে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই জন শ্রমিকও আহত হয়েছে বলে তিনি জানান।