রাজনীতি করতে হলে স্বাধীন পেশায় থাকা দরকার: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'বুঝতে শেখার পর থেকেই উত্তাল সময় দেখেছি। তখন থেকেই রাজনীতি করতে চেয়েছি। রাজনীতি করতে হলে স্বাধীন পেশায় থাকা দরকার, স্বাধীনতায় থাকা দরকার। মানুষের জন্য কাজ করবো বলে, মানুষের প্রতিনিধিত্ব করবো বলেই রাজনীতিতে এসেছি।'

রবিবার (১৬ ডিসেম্বর) ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. দীপু মনি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া দুই শতাধিক তরুণের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমাদের জীবনব্যাপী শিক্ষায় শিক্ষিত হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তৈরি হতে হবে। এত মানুষের চাকরি কোন দেশ দিতে পারবে না। সেজন্য উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।'

ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। ক্যারিয়ার কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি'র ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, ইনোভেশন ডিজাইন এন্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি'র সভাপতি সৈয়দ আলমাস কবির। 

ড. বিকর্ণ কুমার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে তরুণরাই নেতৃত্ব দিবে। সারা দুনিয়া ইনোভেশন দিয়ে চলে, আমরা ইনোভেটিভ হতে চাই। আমাদের যোগ্য নেতৃত্ব আছে, ২০৪১ সালের মধ্যেই আমরা লক্ষ্যে পৌঁছাব।

মো. আলতাফ হোসেন ইনোভেশন ডিজাইন এন্ড এন্ট্রাপ্রেনারশিপ এর প্রকল্প সম্পর্কে আলোকপাত করে বলেন, ৪র্থ শিল্প বিপ্লবকে বরণ করতে আমাদের তৈরি থাকতে হবে। এতে নেতৃত্ব দিতে আইসিটি ডিভিশনকে ভূমিকা রাখতে হবে।

এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন এডুহাইভ এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও মোঃ নাজমুল হক সরকার, হুইসেল লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান রোটারেক্ট মিঠু মোরেল পিএইচপি, ই-ক্লাব এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, দ্য টেক ডক্টর-সোহাগ ৩৬০ এর প্রতিষ্ঠাতা সোহাগ মিয়া, ট্রাভেলেটস অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক এবং ইন্সট্রাকটরি এর প্রতিষ্ঠাতা ও আইএকাডেমি এর সিইও রিফাত এম হক।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য দেশের ১০ জন তরুণ এবং প্রতিষ্ঠানকে 'রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড' তুলে দেন ডা. দীপু মনি। দিনব্যাপী এই ক্যারিয়ার কার্নিভালে প্রায় ৩০ জন বক্তা তরুণদের ক্যারিয়ার, প্রযুক্তি, উদ্যোগ ও শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।