বাজেট অলিম্পিয়াডের সেরা দশে নোবিপ্রবির দুই শিক্ষার্থী

বাজেট অলিম্পিয়াড-২০২১ এর জাতীয় পর্যায়ে সেরা দশে স্থান করে নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী। এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষার্থী নোয়াখালী রিজিওনে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।

সেরা দশে পাওয়া দুই শিক্ষার্থী হলেন নোবিপ্রবির অর্থনীতি বিভাগের ১৩ ব্যাচের আশরাফ উদ্দিন ও হৃদয় মজুমদার। এছাড়া একই ডিপার্টমেন্টের ১০ম ব্যাচের শামসুদ্দোহা আরিফ  আশরাফ উদ্দিনের সঙ্গে নোয়াখালী রিজিওনে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এবং একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট অলিম্পিয়াড-২০২১ এর ভার্চুয়াল গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ এর সভাপতিত্বে সম্পাদক নুরুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক ইনস্টিটিউট ঢাকা স্কুল অব ইকোনমিক্স এবং পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

উল্লেখ্য, এ বছর দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০০ শিক্ষার্থী বাজেট অলিম্পিয়াডের বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত ১০০ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেয়। বাজেট অলিম্পিয়াড-২০২১ এ চ্যাম্পিয়ন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদ্যুত কুমার পাল। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদয় জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে জান্নাতী ইয়াসমিন।  এছাড়াও অনুষ্ঠানে আঞ্চলিক পর্বের বিজয়ী এবং চূড়ান্ত পর্বের শীর্ষ দশ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, জাতীয় বাজেট ও জন অর্থায়ন বিষয়ে তরুণদের মধ্যে আগ্রহ তৈরি এবং দেশব্যাপী তরুণ বাজেট-বিতার্কিক গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সাল থেকে গণতান্ত্রিক বাজেট আন্দোলন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. এমএম আকাশের নেতৃত্বে ‘বাজেট অলিম্পিয়াড’ আয়োজন করে আসছে। বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।