শাবিপ্রবিতে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন হয়। 

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিশা মুনতাজের সঞ্চালনায় এ সময় গণিত বিভাগের ফরহাদ হোসেন, বাংলা বিভাগের সুমাইয়া আফরিন ও সুজয় শুভসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন। 

শিক্ষার্থী সামশাদ নওশীন বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। উপাচার্যের নির্দেশে তাদের ওপর পুলিশের হামলা ও গুলি বর্ষণ বর্বরোচিত কাণ্ড। পুলিশ শাবিপ্রবি ক্যাম্পাসে একটা তুলকালাম কাণ্ড সৃষ্টি করেছে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনার বিচার চাই আমরা, তা না হলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও কঠোর আন্দোলনে নামবে।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা সড়কের মোড় হয়ে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।