যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইহুদি উপাসনালয় সিনাগগে গত শনিবার কয়েকজনকে জিম্মি করার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন অপহরণকারী ফয়সাল আকরাম (৪৪)। কিন্তু বিভিন্ন মিডিয়ায় ইতোমধ্যে প্রচার হয়ে গেছে জিম্মিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি পাকিস্তানি নাগরিক আফিয়া সিদ্দিকীর ভাই।
কথা রটেছে, বোনকে মুক্তির দাবিতেই এই চারজনকে জিম্মি করেছিলেন হামলাকারী। জিম্মিদের উদ্ধার অভিযানে হামলাকারীর পরিচয় নিশ্চিত হলেও তা প্রকাশ করতে নারাজ এফবিআই। আর এ কারণেই সন্দেহ দানা বেঁধেছে, আসলেই কি লোকটি আফিয়া সিদ্দিকীর ভাই?
কে এই আফিয়া সিদ্দিকী
আফিয়া সিদ্দিকী একজন পাকিস্তানি বিজ্ঞানী, পড়াশুনা করেছেন যুক্তরাষ্ট্রের ব্রান্ডিস ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে। আল কায়েদার অপারেটিভ হিসেবে অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্ত হন। ম্যানহাটনের এক আদালত ২০১০ সালে তাকে অভিযুক্ত করে ৮৬ বছরের সাজা দেয়।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে জেলে বন্দী রয়েছেন।
পাক এই নাগরিকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের গুলি করা হোক।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আফিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুতর। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে এ অভিযোগ মারাত্মক। কিন্তু তার সমর্থকেরা তাকে নিরপরাধ বলে মনে করে। তারা মনে করে, টুইন টাওয়ার হামলার পর আফিয়া সিদ্দিকীর বিরুদ্ধে বিচার ব্যবস্থা অতি উৎসাহী হয়ে কাজ করেছে।
নিউইয়র্কে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আলোচিত টুইন টাওয়ার হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারীদের নজরে পড়েন আফিয়া। ২০০৪ সালের মে মাসে এফবিআই এবং বিচার বিভাগ তাকে আল কায়েদার একজন অপারেটিভ এবং মদদদাতা হিসেবে অভিযুক্ত করে। ২০০৮ সালে আফিয়াকে আটক করে আফগানিস্তান কর্তৃপক্ষ।