সৌদি আরবেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথির মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া আল সারি জানান, হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলেও কিছু হামলা চালিয়েছে।
তবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সৌদির দিকে আসা আটটি ড্রোন ধ্বংস করেছে সৌদি জোট।
এদিকে আরব আমিরাতে হামলার বিষয় স্বীকার করেছে হুথি। এ নিয়ে ইয়াহিয়া আল সারি বলেন, এই হামলাগুলো হচ্ছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধে সম্পৃক্ততা এবং অংশগ্রহণ বন্ধ করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া শিক্ষা।
তিনি আরও বলেন, আবু ধাবিতে হামলার বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানাবেন।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জোড়া ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’ জন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। আহত হয়েছেন আরো ৬ জন।
আবু ধাবি পুলিশ জানিয়েছে, মুসাফফাহ শিল্পাঞ্চলের কাছে তেল কোম্পানি এডিএনওসির একটি গুদামের পার্শ্ববর্তী এলাকায় তিনটি তেলবাহী ট্যাংকার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি নির্মাণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আল জাজিরা