পুরোনো রোগ সারতে সালাহউদ্দিনের অনুরোধ

প্রতিপক্ষের জালে গোল করে এগিয়ে যাওয়ার পরও সেই ম্যাচ জেতার সুযোগ নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমন ঘটনা গত এক দশকে বহুবার ঘটেছে। ১২ জন কোচ এসেছেন বিদেশি। কিন্তু বাংলার ফুটবলারদের রোগটাই সারাতে পারেননি কোনো কোচ। 

ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ দায়িত্ব পালন করার সময়ও একই অভিযোগ উঠেছিল। তিনিও বহুবার বলেছিলেন প্লেয়াররা বল পেয়ে সাইড লাইনে কোচের দিকে তাকায়। জয়ের পথে এগিয়েও ম্যাচ ধরে রাখতে পারে না। ভালো খেলতে খেলতে ম্যাচ হেরে যায়। এসব নিয়ে নতুন নিয়োগ পাওয়া স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে কথা হয়েছে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের মধ্যে। সালাহউদ্দিন নিজেই নতুন কোচকে জানিয়েছেন, তার দল খেলার শেষ চার-পাঁচ মিনিট ধরে রাখতে পারে না।

২০২০ সালের অক্টোবরে কলকাতার সল্ট লেকে কাতার বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল করে শেষ দিকে গিয়ে গোল হজম করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনার ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশের ফুটবলারদের চোখের জল পড়েছিল মাঠে। ২০১৩ নেপাল সাফে ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। শুধু ভারতের বিপক্ষেই নয়, অনেক দলের বিপক্ষে এমন ঘটনার কথা ফুটবলের পাতায় লেখা রয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এসব সমস্যা যতটুকু সম্ভব সবই তুলে ধরেছেন। পরে সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা খেলার শেষ চার-পাঁচ মিনিটে হেরে যাই। এই রোগ থেকে মুক্ত করতে হবে।’ কোচকে জানিয়েছেন, শেষ মুহূর্তে হারা যাবে না।

জাতীয় সর্বশেষ ১৬ ম্যাচের জিতেছে মাত্র তিন ম্যাচে। তাই ম্যাচ জিততে হবে সেটিই কোচের মাথায় ঢুকিয়েছেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘কোচকে বলেছি, আমাদের জয় প্রয়োজন। এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চাই না আমি।’ ১১ মাসের জন্য বাংলাদেশের দায়িত্ব নিতে শনিবার ঢাকায় এসেছেন ক্যাবরেরা।

আজকে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কোচের মিটিং হবে।

গতকাল কোচের সঙ্গে বৈঠক করে সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘মনে হচ্ছে, সে খুব অ্যাক্টিভ কোচ। দেখা যাক তিনি কী করেন। বুধবার সংবাদ সম্মেলনে কোচ নিয়ে সব কথা বলবে।’

১৬ ম্যাচের মধ্যে তিন জয়ের একটি গত বছর মার্চে বাংলাদেশ পেয়েছিল ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। নতুন কোচকে তাই নিজের চাওয়াটা বুঝিয়ে দিয়েছেন সালাহউদ্দিন। ক্লাব কোচিংয়ে কাজ করার ছোটখাটো অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের দায়িত্বে অভিষেক বাংলাদেশ দিয়ে। জাতীয় দল নিয়ে কাজ করার অতীত অভিজ্ঞতা না থাকলেও কিছু তাকে নিয়ে আশাবাদী সালাহউদ্দিন।