বাংলা মিউজিকের নতুন ধারাবদল তৈরি করেছেন তাপস তার ‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে। বেশ কয়েকটি সিজন এরই ভেতরে গান বাংলা টিভিতে প্রচারে আজ শ্রোতারা নতুন আদলে শুনছেন তাদের প্রিয় গান। বাইরের ধারণা কিনে এনে তার বাজারজাতকরণ নয়। বরং নিজের দেশে নিজস্ব একটি ব্র্যান্ড তৈরিই ছিল মূল উদ্দেশ্য। সেখানেই সফল তিনি।
এ প্রসঙ্গে তাপস বলেন, ‘আমি বাংলাদেশকে, বাংলা মিউজিককে শুধু উপমহাদেশের গণ্ডিতে ফেলে দেখতে চাইনা। আমাদের দারুণ সব সমৃদ্ধ শিল্পী, শিল্প ভান্ডার রয়েছে। তাদের নিয়ে আমরা বিশ্বে বাংলাগানকে নিয়ে সেরা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’
তবে উইন্ড অব চেঞ্জ-এর পর টিএম রেকর্ডস দিয়েও চমকে দিচ্ছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক। টিএম রেকর্ডস এর ব্যানারে এরই ভেতরে বেশ কয়েকটি জমকালো মিউজিক ভিডিও রিলিজ দেয়া হয়েছে। যা ফেসবুক সহ বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে দারুণ সাড়া ফেলেছে। সানী লিওনি, মিমি চক্রবর্তী, নুসরত থেকে শুরু করে দেশী বিদেশী তারকাকে বাংলা গানের মডেল হিসেবে উপস্থাপন করছেন এইসব গানে। একই সাথে ড্রান্সট্র্যাকে বাংলা গানের যে পিছিয়ে থাকার পুরনো অভ্যেসটিকেও বদলে দিতে চান এই শিল্পী। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সঙ্গীতে এসআই টুটুল, পারভেজ, আরিফিন রুমী, লুইপাসহ অনেকেই গান করেছেন এরই মধ্যে।
তাপস জানান, ‘১০০ টি গানের প্রজেক্ট এরই ভেতরে শেষ হয়েছে। একের পর এক গানগুলো অবমুক্ত হবে। আমরা ভাল গান রিলিজ না দিয়েই শুধু বলতে থাকি, অমুক ভাষার গান এগিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে যাচ্ছি। অথচ কাজটাতো করতে হবে। সেটিই করার চেষ্টা করছি।’
নিয়মিত গান ও ভিডিও রিলিজের পাশাপাশি খুব জলদিই চলচ্চিত্র নির্মানসহ পূর্নাঙ্গ কালচারাল জংশন তৈরি করছেন কৌশিক হোসেন তাপস। এরই ভেতরে আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবেও ‘টিএম গ্যালাক্সি’ কাজ করছে। করোনাসংকট পেরুলে শিল্পীদের নিয়ে ওয়ার্ল্ডটুরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।