দিনাজপুরে কাহারোল উপজেলায় আলুর দাম নিয়ে শঙ্কায় কৃষক। গত কয়েকদিনে বাজারে আলুর দাম নিম্নমুখী হওয়ায় উপজেলার আলু চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। বর্তমানে মাঠ পর্যায়ে প্রতিকেজি আলু ৪টাকা দরে বিক্রি হচ্ছে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। কৃষি অফিসের মতে প্রতি হেক্টর জমিতে ২০ থেকে ২৫ মেট্রিক টন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে প্রতিকেজি গেনুলা আলু বিক্রি হচ্ছে ৪ টাকা কেজি দরে। অন্যদিকে ডায়মন্ড ৮ টাকা, কাডিলাল ৮ টাকা, স্ট্যাডিজ ৮ টাকা ও বগুড়া দেশী আলু প্রতিকেজি ৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
নয়বাদ গ্রামের আলু চাষি রহিদুল ইসলাম বলেন, এবার তিনি তিন বিঘা জমিতে আলু চাষ করেছেন। ক্রেতার অভাবে আলু বিক্রি করতে পারছে না তিনি।
আলু চাষি লুত্ফর রহমান জানান, গতবছর এই সময় প্রতিকেজি আলুর দাম ছিল ১৬ থেকে ১৭ টাকা। তা এবার বিক্রি হচ্ছে ৪ থেকে ৮ টাকা। আলু আবাদ করে উৎপাদন খরচ উঠছে না বলে আলু চাষিরা জানান।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, আগাম জাতের আলুসহ এবার উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকদের আলু চাষে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে কৃষি বিভাগের পক্ষ হতে। বর্তমানে একই সঙ্গে বিভিন্ন এলাকায় আলু তোলা হচ্ছে বলে বাজারে আলু দাম কম। অল্প কয়েকদিন পরেই আলুর দাম বৃদ্ধি পাবে বলে আশা করছে কৃষি বিভাগ।