হাবিপ্রবিতে 'সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন' শীর্ষক পিএইচডি সেমিনার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইআরটি সেমিনার কক্ষে 'ডেভেলপমেন্ট অব এরোমেটিক ফাইন রাইচ জেনোটাইপস ফর বাংলাদেশ' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের আয়োজনে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। আরও উপস্থিত ছিলেন উক্ত গবেষণা কার্যক্রমের সুপারভাইজার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এবং কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ মোজাফফর হোসেন। এ সময় তিনি সুগন্ধি ধানের উপর তার গবেষণা কর্ম সবার সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার গবেষণা প্রবন্ধটি সম্পর্কে বলেন, 'আমাদের প্রাক্তন ছাত্র হিসেবে মোজাফফর হোসেইনের এরকম নতুন কিছু করার প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং আশা করি সে হাবিপ্রবির জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে।'

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, কৃষির বিকাশের কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নে কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো গবেষণা। কৃষি, কৃষক ও দেশের উন্নয়নে গবেষণার বিকল্প নেই।'