শিক্ষার্থীদের আবাসন সংকট মেটাবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হল। ৬ তলা বিশিষ্ট হলটি আগামী মার্চ মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এ হলে সিট বরাদ্দের ক্ষেত্রে প্রধান্য পাবে বিশ্ববিদ্যালয়টির তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্রীরা। তবে একই ব্যাচের ক্ষেত্রে সিজিপিএ বিবেচনা করবে কর্তৃপক্ষ।
প্রায় ৭০০ আসন বিশিষ্ট এই হল অন্যান্য হলের তুলনায় বেশ আধুনিক হবে। এতে থাকবে না কোনো গণরুম। মূল ভবনের সাথে একটি তিন তলা ভবনও নির্মানাধীন অবস্থায় আছে। এতে থাকবে ডাইনিং, জিমনেশিয়াম ও রিডিং রুমের ব্যবস্থা থাকবে।
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী রুবা আক্তার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করতে নতুন হলটি ভালো ভূমিকা রাখবে বলে মনে করি। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাটের মেস মালিকরা আমাদেরকে জিম্মি করে রেখেছে। মেয়েদের মেসে অতিরিক্ত ভাড়া এবং বাৎসরিক চুক্তির ফলে মেয়েদেরকে ঝামেলা পোহাতে হয়। আশা করছি নতুন হল চালু হলে মেস মালিকদের একচেটিয়া দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে।'
হলটি নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. তারিকুল ইসলাম জানান, ‘প্রধান ভবনের কাজ শেষ হয়েছে কিন্তু কমনরুম এবং ডাইনিং রুমের কাজ এখনো বাকি। আগামী মার্চের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।'
হল সুপার প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন জানান , ‘ডিসেম্বরে হল স্থানান্তরের কথা থাকলেও আমরা এখন পর্যন্ত হল বুঝে পাইনি। হলের নির্মাণ কার্যক্রমের উপর নির্ভর করছে কবে নাগাদ আমরা শিক্ষার্থী ওঠাতে পারবো। তবে মার্চ মাসের মধ্যেই আমরা হল উন্মুক্ত করতে পারবো বলে আশা করছি।'