বেড়া উপজেলায় টিকা প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর তা আবার মাইকিং করে ফেরত দেওয়া হয়েছে।
রবিবার উপজেলার ঢালারচর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ টিকা প্রদানের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬০ টাকা করে আদায় করেছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে প্রশাসনের চাপে বিদ্যালয় কর্তৃপক্ষ পরদিন সোমবার সকালে মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এনে সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বলেন, টিকা প্রদানের মতো একটি স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে এভাবে টাকা গ্রহণ কোনোভাবে ঠিক হয়নি। তাই টাকা ফেরত দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঢালারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি থেকে রক্ষার জন্যই বিদ্যালয়ে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছিলাম। এসি কেনার টাকা বিদ্যালয়ের ফান্ড থেকেই নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা স্বেচ্ছায় টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করায় যৎসামান্য টাকা নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে এমন সমালোচনা হবে ভাবিনি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, টাকার বিনিময়ে কোনোভাবেই টিকা প্রদানের সুযোগ নেই। তাই দ্রুত টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়।