সৌদি আরবে একসঙ্গে ৫ জোড়া যমজ সন্তান প্রসব নারীর

একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তান প্রসব করেছেন সৌদি আরবের এক নারী। দেশটির রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, ১২ জানুয়ারি কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে শিশুগুলোর জন্ম হয়। ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ৫ জোড়া সন্তানের জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে।

জানা যায়, প্রত্যেকটি শিশুর ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে। তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।