আগেই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এখনো শেষ হয়নি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী ২৮ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। সেটিকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
ঘোষিত দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে। মূলত আর্জেন্টিনা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলাতেই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাছাড়া গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর থেকে এখনো ফরাসি ক্লাবটিতে থিতু হতে পারেননি মেসি। কখনো চোট, কখনো অন্য কোনো কারণ, সবমিলিয়ে নিজের সেরাটা এখনো মাঠে দেখাতে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
তাই গুঞ্জন ছিল, পিএসজি চাচ্ছে না মেসিকে আপাতত আর্জেন্টিনা ডাকুক। শেষ পর্যন্ত সেটাই হলো। তাছাড়া মাত্রই করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন মেসি। নতুন বছরে এখনো তার মাঠে নামা হয়নি।
এক নজরে আর্জেন্টিনা দল
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এস্তেবান আনদ্রাদা (মন্তেরেই), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতালান্তা)।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (উদিনেস), গনসালো মন্তিয়েল (সেভিয়াল), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), জেরমান পেৎসেয়া (বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)।
মিডফিল্ডার: মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (বেতিস), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), জিওভান্নি লো সেলসো (টটেনহাম), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), এমিলিয়ানো বুয়েনদিয়া (অ্যাস্টন ভিলা)।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (আতলেতিকো), ইউলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান) ও পাওলো দিবালা (জুভেন্টাস)।