বাস থেকে ফেলে যাত্রী হত্যা: ২ জনকে আটক

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইরফান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রীনবাংলা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন হাওলাদার ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা দুইজনকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

নিহতের পরিবারের পক্ষে থেকে কোন মামলা করেছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, এখনো কোন মামলা করা হয়নি। যদি কোন মামলা না হয় আমরা বাদী হয়ে মামলা করব জানান ওসি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েদাবাদ জয়কালি মন্দির এলাকায় মো. এরফান নামের এক যাত্রীকে কিল ঘুষি মারতে মারতে রাস্তায় ফেলে দেয় বাসের হেলপার। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।