কুবির 'রোকেয়া চেয়ার' মনোনীত হলেন ড. মনিরুজ্জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'রোকেয়া চেয়ার' হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান। 

বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর বিশ্ববিদ্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, রোকেয়া চেয়ার সম্মানজনক। মূলত বেগম রোকেয়ার প্রতি সম্মান রেখে এই 'রোকেয়া চেয়ার' পদবি দেওয়া হয়। যদিও আমি মৌলিক গবেষণা করি। আমার এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের মধ্য থেকে আমাকে নির্বাচন করা হয়েছে যা আমার বড় প্রাপ্তি। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন সিনিয়র অধ্যাপককে প্রতি দুই বছরের জন্য 'রোকেয়া চেয়ার' পদে ভূষিত করবে। পদের জন্য মনোনীত অধ্যাপকগণ ইউজিসি থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন।