গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালালেন নেতা 

নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন এমএলএ। উত্তর প্রদেশের নির্বাচনের আগে এমন ঘটনা ঘটেছে মুজাফফরনগরে। ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।  

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্রম সিং সাইনি নামে বিজেপির ওই এমএলএ মুজাফফরনগরের খাতুয়ালি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (১৯ জানুয়ারি) তিনি একটি বৈঠকে অংশ নেওয়ার জন্য নিজ গ্রামে যান। সেখানে জনতার ধাওয়া তাকে পালাতে বাধ্য করে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল গ্রামবাসী বিক্রম সিং সাইনিকে ধাওয়া করছে। ওই সময় গ্রামবাসীকে সাইনির বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। 

জানা যায়, ভারতের বিতর্কিত কৃষি আইনের কারণে গ্রামবাসীরা ওই ক্ষমতাসীন এমএলএর ওপর ক্ষুব্ধ ছিল। 

তবে পরবর্তীতে ওই এমএলএ সাংবাদিকদের বলেন, যারা তার এই সফরের বিরুদ্ধে ছিলেন তারা মদপান করে এমন কাণ্ড ঘটিয়েছেন।