দর্শকের ভালোবাসায় মুগ্ধ তিনি

‘গত ছয় মাসে ছয় বছরের ক্যারিয়ারের চেয়েও বেশি দর্শকের সাড়া পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় তারা আগের চেয়ে বেশ সরব। তারা আমার সাথে কমেন্ট ও পোস্টের মাধ্যমে যুক্ত থাকছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ’— এভাবেই নিজের বর্তমান অবস্হা তুলে ধরলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। 

রিয়েলিটি শো’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও গত বছর থেকে নিয়মিত নাটক করছেন তিনি। অল্প সময়েই ব্যস্ত হয়ে উঠছেন নাটকপাড়ায়। স্বল্প সময়েই মিলিয়ন ভিউ হচ্ছে তার নাটকের। ক্রমশ দর্শকের প্রিয়মুখে পরিণত হয়ে উঠছেন এ সুন্দরী। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মাহি বলেন, ‘এ সময়ে ভালোবাসা দিবসের কাজ করা হচ্ছে বেশি। কাজগুলো আশা করি দর্শকের পছন্দ হবে।’

নাটকে ব্যস্ত থাকলেও ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে কাজের কথাও ভাবছেন তিনি। তার ভাষ্য, ওটিটিতে কাজ করলে চরিত্র বা গল্প নিয়ে পরীক্ষার সুযোগ পাওয়া যায়। আমিও এ প্ল্যাটফর্মে কাজ করতে চাই। আমার কাছে প্রস্তাবও আসছে। যখন মনে হবে চরিত্রটি আমার পক্ষে ধারণ করা সম্ভব তখন করব। হাতের কাজগুলো শেষ করে ফেব্রুয়ারিতেই ওটিটির জন্য কাজ করতে পারি।

mahi

মাহি আরও বলেন, ‘দর্শক আমাকে যেভাবে চাইবে সেভাবেই কাজ করব। সমালোচনা হতে পারে এমন কোনো দৃশ্যে অভিনয় করব না।’

মডেলিংয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মডেলিংয়ের দর্শক নির্দিষ্ট শ্রেণির। তারা সকল ধরনের পোশাকে মডেলদের দেখে অভ্যস্হ। কিন্তু নাটকে দেশজুড়ে দর্শক বিস্তৃত। তারা যেভাবে গ্রহণ করবে সেভাবেই নিজেকে উপস্হাপন করতে হয়।’

অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড ফটোশুট করছেন মাহি। বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। মাহি বলেন, ‘নাটকের কাজ করলেও মডেলিংয়ের জায়গাটা ছাড়তে পারব না। কারণ এক্ষেত্রে ভালোবাসা কাজ করে।’

mahi

এ সময়ে কয়েকজন অভিনয়শিল্পীর চাহিদা ব্যাপক। দর্শকের কাছে নিজেকে তুলে ধরা কষ্টকর বটে। সে কথা জানিয়ে মাহি বলেন, ‘ইদানিং বিভিন্ন চরিত্রে অভিনয় করে অভিজ্ঞতা বাড়াচ্ছি। দর্শক আমাকে কোন ধরনের চরিত্রে পছন্দ করছে তা বোঝার চেষ্টা করছি। সম্প্রতি প্রচার হওয়া দুটি নাটকে বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করেছি। দেখলাম দর্শক প্রশংসা করছে। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। সবকিছু মিলিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা করে নেওয়া আমার লক্ষ্য।’ জুটিবদ্ধ হয়ে কাজের ব্যাপারে দর্শকের মতামতকে প্রাধান্য দিচ্ছেন মাহি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তাতে দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছি। নির্দিষ্ট কোনো সহশিল্পীর সাথে জুটিবদ্ধ হব—এমনটি ভাবনায় আসেনি। অনেকের সাথে এখনো কাজ করা হয়নি। যদি দর্শক কখনো চায় নির্দিষ্ট কোনো সহশিল্পীর সাথে অভিনয় করি তাহলে জুটি হতে পারে। তাছাড়া জুটি বেঁধে কাজ আমার ওপর নির্ভর করে না। আমি সবার সাথেই কাজ করতে চাই।’

একসময় মাহি মনে করতেন তাকে দিয়ে অভিনয় হবে না। তাই ক্যারিয়ারের শুরুতে অভিনয় করলেও মাঝে কয়েক বছর দূরে ছিলেন। তিনি বলেন, ‘কয়েকটি নাটকে কাজ করেছিলাম আগে। মনে হতো অভিনয় করা সহজ নয়। বিরতির পর যখন শুরু করলাম, তখন দর্শকের ভালোবাসা সে ধারণা বদলে দিয়েছে। দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে চাই আগামীতেও।