চট্টগ্রামে ১ হাজার ১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামে পাঁচ মাস ২০ দিন পর করোনাভাইরাসের সংক্রমিতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু এবং ১ হাজার ১৭ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ৩৩ দশমিক ০১ শতাংশ।

করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১ হাজার ১৭ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৮০৭ ও ১৩ উপজেলার ২১০ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল গ্রামের একজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ৩৪৩ জন হয়েছে। এতে শহরের ৭২৮ ও গ্রামের ৬১৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে এর আগে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৪৬৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ২৯ জুলাই। সংক্রমণ হার ৩৭ দশমিক ৩৭ শতাংশ। এ সময়ে ৯ রোগীর মৃত্যু হয়। ওই মাসে আরও তিন দিন শনাক্ত রোগী এক হাজারের বেশি ছিল।