দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে 'বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২' অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশীদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. বলরাম রায়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন।
হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার মূল কারিগর তোমরা। মূলত বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরেই দেশকে গড়ে তোলার লক্ষে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তার মন্ত্রীসভায় প্রখ্যাত বিজ্ঞানীদেরও রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।