খোলা থাকছে রাবি, ক্লাস হবে অনলাইনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে, সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন। এছাড়া অফিসসমূহ সীমিত পরিসরে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। জরুরি পরিসেবা বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।
 
এদিকে রাবি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। দাপ্তরিক প্রয়োজন ব্যতীত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ না করার এবং ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।