দেম্বেলেকে বার্সা ছাড়ার নির্দেশ, পাল্টা জবাব ফরাসি তারকার

আসছে গ্রীষ্মে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার। তার আগেই ক্লাবটির নতুন পরিকল্পনার অংশ করার জন্য চুক্তি নবায়ণ করতে চেয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু অবিশ্বাস্য বেতন বাড়ানোর দাবি জানায় দেম্বেলে। যা অনুমিতভাবেই পছন্দ হয়নি আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সার। তাইতো এখন ফরাসি তারকাকে ছাঁটাই করতে চাচ্ছে তারা।

সম্প্রতি (২০ জানুয়ারি) বার্সেলোনার ফুটবল পরিচালক মাতু আলেমানি বলেছেন, দেম্বেলেকে অবশ্যই জানুয়ারির আগে ক্লাব ছাড়তে হবে। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে স্পষ্ট যে, খেলোয়াড় (দেম্বেলে) বার্সেলোনায় থাকতে চাচ্ছে না। সুতরাং, ৩১ জানুয়ারির আগে তার ট্রান্সফার হওয়ার আশা করছি।’

উসমান দেম্বেলের বিবৃতি

অবশ্য গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, দেম্বেলেকে ছাড়াই বার্সেলোনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছে। সেটি আরও সত্যি বলে প্রমাণিত হয় যখন বৃহস্পতিবার অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ফরাসি ফরোয়াডকে একাদশে রাখা হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উসমান দেম্বেলে। বলেছেন, তিনি বার্সেলোনাকে ব্ল্যাকমেইল করতে দেবেন না।

বার্সার জার্সিতে হয়তো আর দেখা যাবে না উসমান দেম্বেলেকে

শুক্রবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে উসমান দেম্বেলে বলেন, ‘আজ থেকে সব গুঞ্জনের শেষ হচ্ছে। আজ থেকে আমি সততার সঙ্গে জবাব দেবো। কোন ধরনের ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবো না। আমি ক্রীড়া প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ নই, এমনটা ভাবতে সবাইকে নিষেধ করবো।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই জানেন, আলোচনা চলছে। আমি আমার এজেন্টকে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছি, এটা তার এলাকা। আমার এলাকা হচ্ছে বল। সহজভাবে বললে, ফুটবল খেলা এবং সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভালো মুহূর্ত উপভোগ করা।’