নিরাপদ যানবাহন চাই (নিযাচা) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। তৃণমূল পর্যায় থেকে সারাদেশে নিরাপদ যানবাহন নিশ্চিত করার জন্য ‘‘নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য’’ এই বার্তা নিয়ে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কাজ শুরু করে নিরাপদ যানবাহন চাই (নিযাচা)। এই সংগঠনের শুরুর গল্পটা কিছুটা অন্যরকম। গল্পটা শুরুই হয় দূর্ঘটনা দিয়ে।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এক সড়ক দূর্ঘটনায় পা ভেঙ্গে আহত বেশ কিছুদিন অবস্থায় থাকেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান মিলন। সড়কে যদি যানবাহন নিয়ন্ত্রন করা না যায় তবে অনেকাংশেই দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ যানবাহন। সড়কে নিরাপদ যানবাহন নিয়ে কাজ করার ভাবনাটা সেখান থেকেই শুরু। তারপর ২০১৯ সালের ১ জানুয়ারি বেশ কয়েকজন তরুণের হাত ধরেই কাজ শুরু করে নিরাপদ যানবাহন চাই (নিযাচা)।
এরপর থেকেই সড়কে নিরাপদ যানবাহনের উদ্দ্যেশে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। পথচারি ও চালকদের মাঝে লিফলেট বিতরণ, মটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ, নতুন শিক্ষিত ড্রাইভার তৈরি করা,সচেতনতা বাড়াতে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ডসের মাধ্যমে সচেতনতা তৈরী করা ছাড়াও কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়ম মানতে পথচারীদের সচেতন করে আসছে তারা।
যানবাহন ও সড়ক নিয়ে সচেতনতার পাশাপাশি হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যাবসা করার জন্য নগদ টাকা প্রদানসহ অসহায় এবং হতদরিদ্র ও মেধাবি ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে যাচ্ছে নিযাচা। এছাড়াও সামাজিক ও যানবাহন দুর্ঘটনা রোধে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। উত্তরের জনপদ গাইবান্ধাসহ রংপুর, ময়সনসিংহ, সিলেট, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন হাটবাজার ও সড়কে যানবাহন দুর্ঘটনা রোধে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সময়ে মানববন্ধন সভা সেমিনার করে অনেক রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টের মেরামত সহ বেশকিছু উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে। যা উত্তরের জনপদে দৃষ্টান্তমূলক উদাহরণ।
প্রতিষ্ঠার ৩ বছর পর এবার আরও এক ধাপ এগিয়ে গেলো নিযাচা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিষ্টার অফ জয়েন স্টক কোম্পানী এন্ড বাংলাদেশ থেকে নিবন্ধন পায় সংগঠনটি। রেজিষ্ট্রেশন নাম্বার-এস-১৩৭৮১/২০২২।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান সরকার মিলন বলেন, আমরা জাতীয়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। নিরাপদ যানবাহন চাই সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাবে। আশাকরি সামনে জনসেবায় আমার কর্মসূচি আরও দুর্বার গতিতে চলবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করছি।