সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় ফরিয়াদি নিহত

কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য সালিশে এসে খুনের শিকার হয়েছেন মুহাম্মদ বদন (৪০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ বদন ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য বদরখালী সমবায় সমিতি কার্যালয়ে এসেছিলেন খুনের শিকার মুহাম্মদ বদন ও তার ভাইয়েরা। তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে আকস্মিক প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মুহাম্মদ ছোটন, মুহাম্মদ সাগর ও মুহাম্মদ রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলে পড়ে। তাদের এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মুহাম্মদ বদন ও তার ভাইয়েরা। এতে ঘটনাস্থলে বদনের মৃত্যু হয় এবং অন্য ৪ জন গুরুতর আহত হয়। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেছেন তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।