আমি মোশাররফ ভাইয়ের পুরনো ভক্ত: পার্ণো

নুরুদ্দীন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে অনুদানের ছবি ‘বিলডাকিনী’র শুটিংয়ে এখন বাংলাদেশের নওগাঁয় কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় গত ১৮ জানুয়ারি থেকে সেখানে চলছে তার শুট। আর গত এক সপ্তাহে কাজের অভিজ্ঞতাও চমৎকার বলে জানালেন পার্ণো।

শুটিংস্পট থেকে তিনি বলেন, ‘এর আগে ‘ডুব’ সিনেমার শুট করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভালো ছিল। এবারও তাই। যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এখানকার মানুষগুলো খুব ভালো। আমাদের সহযোগিতা তো করছেনই, পাশাপাশি খুব আদর করছেন। এখানে রাতে নদীতে একটা শুট ছিল। সেখানে লাইট করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। পরে পাশের বাড়ির মানুষগুলোই আমাদের থাকতে ও খেতে দিয়েছেন। বহু জায়গায় শুটিং করেছি, কিন্তু এমন ভালোবাসা কোথাও পাইনি।’

উল্লেখ্য, এটি বাংলাদেশে পার্ণোর দ্বিতীয় সিনেমা। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় দেখা মিলেছিল তার। নতুন ছবিতে পার্ণোর চরিত্রের নাম হনুফা। মূলত তার জীবন-সংগ্রাম নিয়েই এর গল্প। এতে সহকর্মী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিমকে। এই অভিনেতা প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত পার্ণো। বললেন, ‘তার অনেক নাটক দেখেছি। তার অভিনীত ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি এই ছবিতে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড ছিলাম। কাজ করতে এসে বুঝলাম, তিনি খুবই ব্রিলিয়ান্ট অ্যাক্টর।