তালায় গরুর বদলে মই টানছে মানুষ!

সাতক্ষীরার তালায় বোরো খেতে গরুর বদলে মই টানছে মানুষ। গত শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শাকদহ বিলে দেখা যায়—বাবা ও ছেলে এক সঙ্গে মই টানছেন।

কথা হয় বোরো খেতে গরুর বদলে মই টানতে থাকা আমতলাডাঙ্গা গ্রামের কৃষক আজিবর সরদারের সঙ্গে। তিনি বলেন, জমি চাষাবাদ করে ছয় সদস্য পরিবারের সংসারের সারা বছরের যোগান দিতে হয়; কিন্তু আমাদের এলাকায় ইরি-বোরো চাষ ছাড়া অন্য ফসল তেমন হয় না। সে কারণে হালের গরু পালন করা হয় না। সারা বছর গরু পালন করতে যে টাকা খরচ হয় তা দিয়ে আমাদের মতো কৃষকের গরু পোষা সম্ভব না। বর্তমানে আমার হালের বলদ না থাকায় নিজের ছেলেকে নিয়ে সকাল থেকে খেতে মই টানছি। এছাড়া এক বিঘা জমি গরু দিয়ে মই টানতে প্রায় ৫০০ টাকা খরচ হয়। লাঙলের এক দিনের মুজরি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা।

জুজখোলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইরি ধান চাষ করে আসছেন। এবারও তিনি তিন বিঘা জমিতে ধান চাষ করবেন; কিন্তু দুঃখের বিষয়, এলাকায় হালের বলদ অমিল হওয়ায় নিজেদের খেতের মই টানতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, আধুনিকতার ছোঁয়ায় গরুর লাঙলে চাষ অনেকটা কমে গেছে। যে কারণে কৃষক বিকল্প পথে চাষাবাদ করছে।