শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ চেয়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
এ সময় 'ভিসি ফরিদ উদ্দীন- শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়, ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়' লিখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করেন।
এ বিষয়ে মাইদুল ইসলাম ইত্তেফাককে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং ভিসি ফরিদ উদ্দীন যে ভাবে পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছেন তার প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছি। তিনি যেভাবে পুলিশ এবং সরকার দলীয় লোকজনদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছেন এতে করে তিনি ভিসি পদে আসীন থাকার যোগ্যতা হারিয়েছেন।
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতোই। যেখানে আমাদের উচিত শিক্ষার্থীদের প্রোটেক্ট করা সেখানে তিনি উলটো শিক্ষার্থীদের উপর পুলিশ লেলিয়ে দিয়ে রক্তাক্ত করেছেন যা খুবই ন্যাক্কারজনক ঘটনা। সে কারণে আমি চাই, দ্রুততম সময়ের মধ্যেই তিনি পদত্যাগ করবেন। শুধু সাস্ট না, আমি চাই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়েই এমন ভিসি, প্রক্টর বা অন্যান্য প্রশাসনিক পদে যাতে এধরনের মানুষ না আসে।'