বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। এদিন সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসব শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন এবং পদক প্রদান করবেন।
আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ আবৃত্তি উৎসব সকাল ১১ টায় শুরু হবে বলে জানিয়েছিলেন। পরে সময় পরিবর্তন করা হয়।
এ উৎসবে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক প্রদান’ করা হবে। এতে সারাদেশের প্রায় সোয়া ৩০০ সংগঠনের সাড়ে চার হাজার আবৃত্তি শিল্পী অংশ নিচ্ছে। ‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রতির স্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ এই শ্লোগানে সারাদেশের আবৃত্তি সংগঠনগুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ উৎসবের আয়োজন করেছে।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন ব্যবস্থাপনায় সারাদেশের প্রতিটি জেলা থেকে ভার্চুয়ালি সাড়ে চার হাজার আবৃত্তি শিল্পী এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ উদ্যোগ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ।