জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত না রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চালু রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেন।

গণিত বিভাগের শেষবর্ষের ছাত্র শামীম আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য, আসাদ বিন শফিক, জনাছিম চৌধুরী, মো.শাহেদ, আমিনুল ইসলাম, নিঝুম তালুকদার, তফাজ্জল তালুকদার প্রমুখ।

তারা বলেন, 'রাজধানীতে বাণিজ্য মেলা চলছে, হাটবাজার খোলা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা চালু রাখা উচিত। শিক্ষার্থীদের সেশন জটে পড়ার সম্ভাবনা রয়েছে। এ সকল বিষয় বিবেচনা করতে হবে।'