রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে এক হকার কিশোরের মৃত্যুর ঘটনায় দুই বাসচালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন- মনির হোসেন ও ইমরান হোসেন। মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়।
এই ঘটনায় বাস দুটি জব্দ করে পুলিশ কিন্তু দুই চালক ও সহকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান চালিয়ে দুই বাসচালককে আটক করা হয়।