৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, আটক ২

নওগাঁয় ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা। মূর্তিটির আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে সালাম জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

ন‌ওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা।

ওসি আরও জানান, এ সময় আব্দুস সালামের দুই ছেলে আটক করা হয়। আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য । তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

অপর প্রশ্নে ওসি আরও জানান, এ ঘটনার সাথে সাবেক পুলিশ সদস্য আব্দুস সালাম জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।