দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ পর্যায়ক্রমে সবাই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবেন। আজ যারা পাচ্ছেন আর যারা পাচ্ছেন না কারোরই মন খারাপ করার কিছু নেই, সবাই পাবেন। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
এর আগে মজিবুর রহমান চৌধুরী নিক্সন সকালে ড. আবু ইউসুফ ডিয়ামের হল রুমে আয়োজিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
তিনি এসময় উপস্থিত ১২টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি ইউনিয়নে বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি না করে প্রকল্প বাস্তাবায়ন করতে হবে। এছাড়াও ভাঙ্গা উপজেলায় অসংখ্য অনুমোদনহীন ক্লিনিক ব্যবসা রয়েছে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিমউদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশের পরিদর্শক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।