রাজধানীর আজিমপুর কলোনির একাংশে বহুতল ভবন নির্মাণ করছেন গণপূর্ত অধিদপ্তর। কলোনির অন্য অংশে বসবাস করছেন সরকারি কর্মকর্তারা; কিন্তু উন্নয়নকাজে গণপূর্তের সঙ্গে ওয়াসা ও তিতাসের কোনো সমন্বয় নেই। যার কারণে প্রায়ই পাইপলাইন বিচ্ছিন্ন বা ফেটে গিয়ে গ্যাস ও পানি পাচ্ছেন না এখানকার বসবাসরত কর্মকর্তারা। প্রায় ২৪ ঘণ্টাও পানি না পাওয়ার ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা।
ওয়াসা বলছে, তাদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই গণপূর্ত এ উন্নয়নকাজ করছে। ফলে এমন ঘটনা ঘটছে। অন্যদিকে গণপূর্ত বলছে, তারা অন্য সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে; কিন্তু তারা তাদের সহযোগিতা করছে না।
দুই সংস্থার এমন ঠ্যালাঠেলিতে চরম ভোগান্তিতে পড়েছেন কলোনির বাসিন্দারা। তারা দ্রুত এমন সমস্যা থেকে উত্তরণের দাবি জানিয়েছেন।