শীতের কম্বল মুড়ি দিয়ে হকি

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ডিসেম্বরের ২২ তারিখ। এক মাস পার হয়ে গেছে হকিতে কোনো ধরনের জোয়ার আসে নাই। ‘নিশ্চল নিশ্চুপ, আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ।’ কবি নজরুলের এ লাইনটিকে বেদবাক্য মেনে নিয়ে হকি এখন শীতের কম্বল মুড়ি দিয়ে। 

এ এইচ কাপ হবে মার্চ মাসে থাইল্যান্ডে। প্রথমত ঠিক ছিল এক থেকে ছয় দল সরাসরি খেলবে। পরবর্তীকালে নির্ধারিত হয় এক থেকে পাঁচ পর্যন্ত সরাসরি খেলবে। আমরা ষষ্ঠ হওয়াতে ওমান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিংগাপুর এদের সঙ্গে কোয়ালিফাইং রাউন্ড খেলে আসতে হবে। কোয়ালিফাইং রাউন্ড ফেব্রুয়ারিতে হলেও এখন আমাদের হকি দল মাঠে অনুশীলন শুরুই করে নাই। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ঢাকাতেই হয়েছে আর আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার ১২ দিন আগে প্র্যাকটিস শুরু করেছিলাম। ফল ছিল ছয় দলে ষষ্ঠ।

কোভিড। হকির জন্য আশীর্বাদ। ‘নহ মাতা, নহ কন্যা, নহ বধূ সুন্দরী...উর্বশী।’

হকিতেও কোনো টুর্নামেন্ট নাই, দলীয় অনুশীলন নাই, আম্পায়ার প্রশিক্ষণ নাই, কোচেস প্রশিক্ষণ নাই...কোনোটাই নয়...ক্রীড়াজ্ঞানের উর্বশী। কোভিড আছে, থাকবে, তার মধ্যেই কর্মধারা চালু রাখতে হবে আর এ জন্য বাস্তবকে সাহসী আর বুক ফুলিয়ে মোকাবিলা করতে হবে। হকি, ফুটবল, ক্রিকেট। তিনটি বড় খেলা। এর মধ্যে হকি ব্যতিক্রম। তাদের কোনো নির্দিষ্ট কার্যতালিকা নাই আর থাকলেও তার বাস্তবায়নের ইচ্ছা নাই।

আমাদের একটা কৃত্রিম ঘাসের মাঠ আছে, আমরা এ মাঠকে সারা বছর অন্তত দুই-তিনটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করে দুবাই, কাতার যেমন ক্রিকেট ভেন্যু সেভাবে ঢাকাকে হকি ভেন্যুহিসেবে বিশ্বে তুলে ধরতে পারি। তবে ঐ যে ছোটকালে পড়েছিলাম ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?’ হকির যে হাহাকার অবস্থা তাতে বিড়ালই পাবেন না, ঘণ্টা বাঁধবেন কোথায়? হকিরও দারুণ ঐতিহ্য ছিল। ‘টলমল টলমল পদও ভারে বীর দল সমরে’, হকিও বীর হিসেবে চার পাশের সম্ভব আদায় করেছে। মোঘল বংশের বর্তমান প্রজন্ম দিল্লিতে ড্রাই ক্লিনিংয়ের ব্যবসা করে। পৃষ্ঠপোষকতাই হলো আসল জীবনদায়িনী শক্তি, এ শক্তি হকিরও থাকতে হবে। অহম নিয়ে বসে থাকলে হকি কোনো দিনও উপযুক্ত স্পন্সর পাবে না। আমাদের খেলোয়াড়রা বহুবার প্রমাণ করেছে তারা এশীয় মানের। হকি-প্রতিভা তাদের জন্মগত, স্বল্প চাহিদার এই হকি দলগুলোকে সুষ্ঠু অক্সিজেন দেওয়ার দায়িত্ব যাদের তারা আরো সংবেদনশীল হলেই হকি তার গৌরব পুনরুদ্ধার করবে...একশ ভাগ নিশ্চিত থাকতে পারেন।

লেখক : সাবেক জাতীয় ও সেনাবাহিনী হকি দল অধিনায়ক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ।