হেলথ টিপস

রক্তের শর্করা হঠাৎ কমে গেলে যা করবেন

যাদের ডায়াবেটিস আছে বা যারা ইনসুলিন নেন, তাদের হঠাৎ করে রক্তের ব্লাড সুগার বা রক্তের শর্করা কমে যেতে পারে| এই সমস্যাকে ডাক্তারি ভাষায় হাইপোগ্লাইসেমিয়া বা হাইপো বলা হয়| সাধারণত ডায়াবেটিক রোগীদের খাওয়াদাওয়ার অনিয়ম, অনেকক্ষণ না খেয়ে থাকা, অতিমাত্রায় ব্যায়াম করা, যারা ইনসুলিন নেন তাদের সময়মতো ইনসুলিন না নেওয়া অথবা অতিরিক্ত মাত্রায় ইনসুলিন নেওয়া অথবা ডায়াবেটিসের অন্যান্য ওষুধসহ নানা কারণে ব্লাড সুগার কমে যেতে পারে|

যখন দেখবেন শরীরে ঘাম ঝরছে, খুব ক্ষুধা পাচ্ছে, চোখে সবকিছু ঝাপসা লাগছে, শরীরে ক্লান্তি অনুভূত হচ্ছে, শরীর কাঁপছে—এসব হলে বুঝবেন আপনার ব্লাড সুগার কমে যাচ্ছে| ডায়াবেটিক রোগীদের এমন হলে বা হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের শর্করা কমে গেলে অবশ্যই চিনির শরবত বা গুড়ের শরবত বা হাতের নাগালে মিষ্টিজাতীয় খাবার যা পাওয়া যায় তা-ই খেয়ে নিন|

সম্ভব হলে ১০-১৫ মিনিট পর ব্লাড সুগার মেপে দেখতে হবে| যদি সুগার স্বাভাবিক হয়, তবে আর মিষ্টিজাতীয় খাবার না খেলেও চলবে| যদি সুগার তখনো স্বাভাবিক না হয়, তাহলে আরো খানিকটা মিষ্টিজাতীয় খাবার বা শরবত খেতে হবে| তবে মনে রাখতে হবে, ব্লাড সুগার বারবার কমে গেলে বিপদ হতে পারে| তাই অবশ্যই ডায়াবেটিক রোগীদের নিয়মমাফিক আহার, নিদ্রা, বিশ্রাম, হাঁটাচলা ও ওষুধ সেবন করতে হবে| তবেই ডায়াবেটিক রোগীরা ভালো থাকতে পারবেন|

ডা. মোড়ল নজরুল ইসলাম, চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ