কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জের ধরে দিদার হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে। দিদার স্থানীয় আবুল হোসেনের ছেলে। সে শিলাইদহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, স্কুল ছাত্র দিদার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে ছিল। এ সময় প্রতিপক্ষের কয়েকজন যুবক এসে তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।