সংসদের অধিবেশন চলছে

একাদশ জাতীয় সংসদের  ১৬ তম ও ২০২২ সালোর প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

বিভিন্ন নাগরিক সংগঠন এবং বিএনপিসহ সরকারবিরোধী কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা-আপত্তির মধ্যেই আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদে পাস হতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বহুল আলোচিত বিল। সংসদের আজকের কার্যসূচিতে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নিমিত্তে বিধান প্রণয়নকল্পে আনীত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ পাসের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করবেন। প্রক্রিয়া শেষে কণ্ঠভোটে বিলটি পাস হবে।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংসদের চলতি অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। গত ১৬ জানুয়ারি শুরু হওয়া বছরের প্রথম এই অধিবেশন আজ শেষ হতে যাচ্ছে। শেষ দিনে সকাল-বিকাল দুই বেলা বৈঠক চলবে।