তালেবানদের অবশ্যই নারী ও শিশুর মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে হবে বলে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।
বুধবার (২৬ জানুয়ারি) গুতেরেস আফগানিস্তানের আটকে রাখা সাহায্য ছাড় দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। যেন আফগান পরিবারসমূহকে খাবারের জন্য সন্তান বিক্রি করতে না হয়।
জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, আফগানিস্তান একটি সুতোয় ঝুলে আছে। এর লাখ লাখ দরিদ্র নাগরিক অবনতিশীল মানবিক পরিস্থিতির মধ্যেই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
এসময় তিনি তালেবানের প্রতি নারী ও শিশুর মৌলিক মানবাধিকার সমুন্নত ও স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস ও আস্থা অর্জনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
এদিকে, গুতেরেস নির্বিচারে নারী অ্যাক্টিভিস্টদের গ্রেফতার ও অপহরণের সাম্প্রতিক খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি তাদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আফগান জনগণের প্রতি সমর্থন জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানাই।
তিনি বলেন, আফগান জনগণের অর্ধেকেরও বেশি চরম খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলা করছে। কিছু পরিবার অর্থের জন্য তাদের সন্তান বিক্রি করছে। একে মানবিক বিপর্যয় উল্লেখ করে গুতেরেস একতরফা অবরোধ তুলে নিতে এবং আটক অর্থ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।