যে কারণে লোকালয়ে কালোমুখো হনুমান  

বিপন্ন প্রজাতির কালোমুখো হনুমানটি গুরুদাসপুরের লোকালয়ে ঘুরছে। বনের হনুমান লোকালয়ে আসায় উত্সুখ মানুষ ভিড় জমাচ্ছেন হনুমানটি দেখতে। কেউ কেউ খাবারও দিচ্ছেন। সবশেষ বৃহস্পতিবার বিকালে পৌর সদরের খলিফাপাড়া ব্রিজে দেখা মেলে হনুমানটির। গত প্রায় পাঁচ দিন ধরে কালোমুখ হনুমানটি চাঁচকৈড় বাজারের আশপাশে ছুটোছুটি করছে।

চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার ব্যবসায়ী হুমায়ুন কবির তপু বলেন, বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় থেকে দেশের বিভিন্ন এলাকায় কৃষিসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়। খাবার খেতে গিয়ে ফল কিংবা সবজির ট্রাকে উঠে হনুমানটি দেশের কোনো এক বন থেকে এখানে আসতে পারে। বিলচলন শহিদ সামসুজ্জোহা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বলেন, বাংলাদেশে বিপণ্ন তালিকায় স্থান পাওয়া প্রাণিদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণি।

উপজেলা বন কর্মকর্তা মো. মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানের কোনো ক্ষতি বা বিরক্ত না করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। হনুমানটি লোকালয় থেকে উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা ইত্তেফাককে বলেন, মুখপোড়া হনুমান চাঁচকৈড় এলাকায় আসার খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য বন কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।