পৌরসভা থাকাকালীন মুক্তিযোদ্ধাদের ট্যাক্স মওকুফ করে দিয়েছি সিটি করপোরেশন হবার পরও করে দিয়েছি, এবার কথা দিয়েছিলাম পানির বিল মওকুফ করে দিবো। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ১৬১ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মানান স্বরূপ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আইভী বলেন, ২০১১ সালে নির্বাচনের কঠিন মুহূর্তে মুক্তিযোদ্ধারা সর্ব প্রথম আমাকে নিয়ে মাঠে নেমেছিলো। এই কথা কখনো ভুলবো না। মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা মনের ভিতর লালিত হবে। ২০১৬ সালে নির্বাচনে একই কাজ করেছিলেন। ২০২২ সালে মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি নির্বাচনের প্রথম প্রচার প্রচারণা শুরু করেছিলাম।
তিনি আরো বলেন ২০২৩ সালে প্রধানমন্ত্রীকে পুনরায় আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। যতই ষড়যন্ত্র হোক না কেন এই ষড়যন্ত্রকে ছিন্ন করে আমরা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের এ সরকারকে প্রয়োজন। এটার জন্য আমরা যে যেখানেই থাকি না কেন সেখান থেকে সরকারের ভালো কাজগুলো তুলে ধরতে হবে।
এসময় তিনি পুলিশ প্রশাসন কে উদ্দেশ্য করে বলেন, শহরে ছিনতাই বেড়ে গেছে এই ব্যাপারে জেলা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তি প্রতীক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।