বিপিএলে আফগান সিরিজের প্রস্তুতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। সাদা বলের ক্রিকেটে হোম সিরিজে নামার আগে বিপিএল খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই টি-২০ লিগের মাধ্যমেই সীমিত ওভারের সিরিজের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দেখছেন নুরুল হাসান সোহান।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রশিদ খান ও মুজিব উর রহমানের বোলিং। ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে গতকাল চট্টগ্রাম পৌঁছেছেন মুজিব। আফগান এই রহস্য স্পিনারকে নেটেই খেলার সুযোগ পাচ্ছেন সাকিবরা। সোহানের মতে, নেটে যত বেশি সম্ভব মুজিব খেলতে চেষ্টা করবেন। তাতে মূল সিরিজে তাকে খেলতে সহজ হবে।

চট্টগ্রামে গতকাল অনুশীলন করেছে বরিশাল দল। মুজিবকে নেটে খেলে হোম সিরিজের প্রস্তুতি নেওয়ার বিষয়ে সোহান বলেছেন, ‘অবশ্যই চাইব যাতে নেটে যেন বেশি বেশি খেলা যায়। তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যান যারা আছে, এরপরের সিরিজে যারা থাকবে তাদের জন্য অনেকটা সহজ হবে।’

সার্বিকভাবে বিপিএলকে আফগান সিরিজের প্রস্তুতির মঞ্চই ধরছেন সোহান। বরিশালের এই উইকেটকিপার-ব্যাটসম্যান গতকাল বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের কাছে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যেহেতু সামনে এই বছরটা পুরোটাই জাতীয় দলের অনেক বেশি খেলা আছে- হোয়াইট বল বলেন বা রেড বল বলেন। যেটাই বলেন আমার কাছে মনে হয় যেহেতু এটার পরেই ওডিআই এবং টি-২০ সিরিজ, তো এখান থেকেই আমাদের যতটুকু সম্ভব আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায়। সেটা করে যদি আমরা যেতে পারি তাহলে আফগানিস্তান সিরিজ আমাদের জন্য অনেক ভালো হবে।’

বিপিএলের ছয়টি দলে এবার সাত জন আফগান ক্রিকেটার খেলছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছেন করিম জানাত। মিনিস্টার গ্রুপ ঢাকায় খেলবেন মোহাম্মদ শাহজাদ, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি ও নাজিবউল্লাহ জাদরান। ফরচুন বরিশালে আছেন মুজিব ও খুলনা টাইগার্সে নাভিন উল হক। সাদা বলের ক্রিকেটে নাভিন উল হক, মুজিব ও নাজিবউল্লাহ জাদরান আফগান দলের নিয়মিত মুখ। তাই এটুকু নিশ্চিত এই সাত ক্রিকেটারের অন্তত তিন থেকে চার জন থাকবেন বাংলাদেশ সফরের আফগান দলে।