যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যায় তাহলে যুদ্ধে জড়িয়ে পড়বে বেলারুশ। পক্ষ নেবে রাশিয়ার। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার (২৮ জানুয়ারি) এসব মন্তব্য করেছেন।
পার্লামেন্টে লুকাশেঙ্কো বলেন, রাশিয়া সরাসরি আক্রমণের শিকার হলে তার দেশ মিত্র চুক্তির কাঠামোর মধ্যে রাশিয়াকে রক্ষা করতে সহায়তা করবে। বেল্টা নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
এছাড়া তিনি বলেন, বেলারুশের জনগণ যুদ্ধ হবে কি না তা নিয়ে উদ্বিগ্ন।
বেলারুশের এই প্রেসিডেন্ট বলেন, 'দুই কারণে যুদ্ধ বাধতে পারে। প্রথমটি হচ্ছে বেলারুশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালালে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মিত্র রাশিয়া আক্রমণের শিকার হলে।'
লুকাশেঙ্কো বলেন, বেলারুশে রুশ সেনা মোতায়েন করা হবে কি না এই প্রশ্নে পশ্চিমারা 'খুব আগ্রহী'। বেলারুশের বিরুদ্ধে হামলা হলে রুশ সেনারা বেলারুশে আসবে।
এদিকে শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুদ্ধ চায় না রাশিয়া। দেশটির মিডিয়াকে ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে যুদ্ধ চায় না তবে নিরাপত্তা ইস্যুতে মস্কো ছাড় দিবে না।