দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার- ১ এর ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
অনুষদ ভিত্তিক এই ওরিয়েন্টেশন সকাল সাড়ে ৯টায় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হয়। এরপর সোয়া ১১টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দুপুর ২টা ৪৫ মিনিটে এগ্রিকালচার এবং সাড়ে ৪টায় সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। ডিনগণ নিজ নিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচিতি স্লাইডের মাধ্যমে তুলে ধরেন ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলাবিধি নিয়ে বক্তব্য দেন প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।
ওরিয়েন্টেশন কার্যক্রমে আরও যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সকল অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অনুষদগুলো তাদের অ্যাকাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন , আমরা একটি বিশেষ অবস্থা ও অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তাই সশরীরে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলোনা। আমরা চাই তোমাদের যেন কোন ক্ষতি না হয়, তাই দ্রুত অনলাইনে ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে।
তিনি নবাগত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন, আজকের দিনটি তোমাদের জীবনের একটি বিশেষ দিন। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাত্রা শুরু হলো। এটি তোমাদের জীবনের স্বর্ণালি সময়। বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে ধারণ করে সকল বিধিবিধান মেনে চলতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের পিতা-মাতা অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ভালো মানের গ্র্যাজুয়েট হয়ে তোমাদের পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে হবে।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে বিজনেস স্টাডিজ, ফিশারিজ, ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারি থেকে অনলাইনে শুরু করবে হাবিপ্রবি।