মেসের সামনে ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী। এসময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী এক শিক্ষার্থীর মোবাইল নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে সালমানপুরের ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার দুই বান্ধবীকে নিয়ে মেস থেকে বের হন। এসময় হাজী ভিলার দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা বাইকে থাকা দুইজন ছিনতাইকারী শিক্ষার্থীর হাতে থাকা মোবাইল কেড়ে নেয় এবং পালিয়ে যায়। 

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমরা তিনজন সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হই। এসময় আমার হাতে মোবাইল ছিল। আমরা বুঝে উঠার আগেই সামনের দিক থেকে আসা একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে মোবাইল নিয়ে পালিয়ে যায়। এবিষয়ে প্রক্টর স্যার ও কোটবাড়ি পুলিশ ফাড়িঁতে জানানো হয়েছে। দুইজন পুলিশ এসে পর্যবেক্ষণ করে গেছেন। আমরা এখন সদর দক্ষিণ থানায় জিডি করব। 

কুমিল্লা সদর দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। জিডি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। 

এ ঘটনায় তদন্তের দায়িত্ব পাওয়া কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা স্থানটি পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ছিনতাইয়ের বিষয়টি আমি অবগত হয়েছি। কোটবাড়ি পুলিশ ফাড়িঁর সাথে কথা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আশা করছি পুলিশ প্রশাসন সহযোগিতা করবে।