গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু ঘটেছে। টাঙ্গাইলের গোপালপুরে তিন জন, ফরিদপুরের ভাঙ্গায় দুই জন, গাজীপুরের শ্রীপুরে এক জন এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় এক জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, শুক্রবার টাঙ্গাইলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হন। সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কয়াপাড়ায় জামালপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। এরা হলেন পিকআপ ভ্যানচালক টাঙ্গাইল সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. সোহেল এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরভদ্রা গ্রামের সবজি ব্যবসায়ী সুজন মিয়া। আহত হন দুই জন। ধনবাড়ী থানার ওসি (তদন্ত) জানান, ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। অন্যদিকে গোপালপুর থানা পুলিশ জানায়, গতকাল ভোর রাতে পোড়াবাড়ী-পিংনা সড়কে গোপালপুর উপজেলার ভূঁয়ারপাড়ায় গাছের গুঁড়িবোঝাই নছিমন উলটে কাঠশ্রমিক মো. বাবু নিহত এবং অন্য দুই শ্রমিক আহত হন। নিহতের বাড়ি গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামে।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ইসাহাক আলী নামে এক পল্লি বিদ্যুত্কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার ২ নম্বর সিএনবি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসাহাক আলী (৩৫) ঢাকা জেলার ধামরাই থানার বাঁচলি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় পল্লি বিদ্যুৎ অফিসে চাকরি করতেন। মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মান্নাফ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে। মান্নাফ তার মাকে নিয়ে মাসদাইয়ে থাকতেন। তিনি ঢাকার মিরপুর শেওড়াপাড়াস্থ একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে গতকাল রাতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই জন নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেন (৪০) ভাঙ্গা উপজেলার সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর শহরের পশ্চিম খাপাশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মিয়ার সন্তান। নিহত অপরজন ওয়াহিদুজ্জামান বাবু মির্জা (৩৫) ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামের আব্দুর রসিদ মির্জার ছেলে। সে সমাজসেবা অফিসে চুক্তিভিত্তিক কাজ করতেন।