কাউনিয়ায় চুরির অপবাদে দুই শিশু নির্যাতনের ঘটনায় একজন গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে শামীম হোসেন ও রাসেল নামে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার টেপামধুপুর এলাকা থেকে আসামি আকরাম হোসেনকে (৩২) গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার হওয়া আকরাম হোসেন কাউনিয়া উপজেলার রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলো :ইউপি সদস্য ইউনুস আলী ও আকরাম হোসেনের ভাই ইয়াকুব আলী।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। এরই মধ্যে অভিযুক্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। টাকা চুরির অপবাদে গত বুধবার মধ্যযুগীয় কায়দায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে ইউপি সদস্য ইউনুস আলী, আকরাম হোসেন ও তার ভাই ইয়াকুব আলী। এ ঘটনায় শিশু দুটির পরিবার থেকে মামলা করা না হলেও ঘটনার দিন রাতেই কাউনিয়া থানার এসআই স্বপন কুমার সরকার বাদী হয়ে মামলা করেছেন।