দর্শনা-মুজিবনগর সড়ক নির্মাণে অনিয়ম

দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ১৫০ কোটি টাকার এই কাজে রাস্তা নির্মাণের প্রথমে দুপাশের বাড়তি ৩ ফুট প্রশস্থের সাববেজ তৈরির কাজে বালি ও খোয়ার সঙ্গে মিশানো হচ্ছে মাটি। এই দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে উপজেলা প্রশাসন। 

গত বৃহস্পতিবার দর্শনা-মুজিবনগর সড়ক দর্শনা গোপালখালী ব্রিজের ও মুনভাটার মাঝামাঝি স্হানের রাস্তার সাববেজ কাজ পরিদর্শন করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে তিনি তদন্তে ঘটনাস্থল থেকে বালি মাটি খোয়া মিশ্রণসামগ্রী সংগ্রহ করে সিলগালা করে নিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, কার্য-সহকারী রমজান আলী, চুয়াডাঙ্গা রোড অ্যান্ড হাইওয়ের উপসহকারী প্রকৌশলী মো. আজিজ, সাইড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম। 

তদন্তে আসা চুয়াডাঙ্গা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ঐ স্থানে মাটি খোয়া মিশ্রণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে পরীক্ষা শেষে সঠিত তথ্য পাওয়া যাবে। এ ব্যাপরে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, ‘সাববেজের উপকরণ বালি মাটি ও খোয়া জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাসলিমা আক্তার জানান, ‘সরকারের উন্নয়ন কাজে অনিয়ম কোনো রকম ছাড় দেওয়া হবে না। সাববেজের বালি মাটি ও খোয়া জব্দ করা হয়েছে। পরীক্ষাগারে পাঠানো হবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, দর্শনা-মুজিবনগর সড়ক টু লেন নতুন রাস্তার কাজ দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে নাটুদাহ ২৩ কিলোমিটার পর্যন্ত ১২০ কোটি টাকা ব্যয় ও মেহেরপুর মুজিবনগর উপজেলার ৭ কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ ২৯ কোটি টাকা মোট ১৪৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজ পায় মেহেরপুরের এক ঠিকাদার। গত ২১ নভেম্বর ২০২০ সালে নতুন রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়। গত ২ বছর মাত্র রাস্তার ১২টি পুলকার্লভাট তৈরি করেছে। কালর্ভাট তৈরির পর রাস্তা ভেঙে গর্ত হয়ে রয়েছে। ফলে প্রতিনিয় ঘটছে দুর্ঘটনা।