রাজশাহীতে সন্ধ্যার পর থেকে দোকানপাট বন্ধের নির্দেশ

রাজশাহীতে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধির কারণে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার থেকে প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত রাজশাহী জেলার সব বিপণিবিতান, শপিংমল, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা এসেছে।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলার বিপণিবিতান, শপিংমল, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত বন্ধ থাকবে। এই নির্দেশনার বিষয়ে মানুষকে জানাতে শনিবার রাতে নগরের কয়েকটি এলাকায় পুলিশ মাইকিং করেছে।

উল্লেখ্য, চলতি জানুয়ারি থেকে রাজশাহী জেলায় করোনার সংক্রমণ ক্রমাগত হারে বাড়ছে। গত শুক্রবার এ জেলায় সংক্রমণ হার ছিল মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ ৭১ দশমিক ৩৯। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার থেকে শনিবার পর্যন্ত) এ জেলায় ৬০ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়েছে।

এর আগে গত ১৬ জানুয়ারি রেড জোন ঘোষিত ১২ জেলার মধ্যে শীর্ষে ছিল রাজশাহী জেলা। এ অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুত্সাহিত করতে জেলা করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা এবং করোনার উপসর্গে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় দুই জন এবং উপসর্গের দুই জন রোগী রয়েছেন। 

করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিন জন এবং নওগাঁর এক জন করোনার উপসর্গে মারা যান। এদিকে হাসপাতালের ১০৪ শঘ্যার মধ্যে ভর্তি রোগী রয়েছেন ৫১ জন। এর মধ্যে ২৮ জনই রাজশাহী জেলার বাসিন্দা।